গাছে আর পেরেক না, খোলা হল বিজ্ঞাপন

নিজেস্বসংবাদদাতা ,২৯শে মার্চ শান্তিপুর:

একটি গাছ একটি প্রাণ। এবার থেকে বিজ্ঞাপন আর গাছে না । পেরেক দিয়ে গাছে লাগানো বিজ্ঞাপন খুলে দিলেন একদল যুবক! পরিবেশ সচেতনতার বার্তা দিতে এই উদ্যোগ। শান্তিপুর থানা এলাকার বিভিন্ন অঞ্চলে বাথনা স্টেশন, ঘোড়ালিয়া ও ফুলিয়ায় গাছে পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগানোর বিরুদ্ধে এক অভিনব উদ্যোগ নিয়েছেন একদল যুবক। “গাছে পেরেক নয়” এই দাবিকে সামনে রেখে তারা গাছের গায়ে লাগানো পোস্টার ও বিজ্ঞাপন খুলে দিচ্ছেন। 

প্রায় দু’মাস আগে শুরু হওয়া এই উদ্যোগে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রায় দশজন যুবক। কাজের ফাঁকে সপ্তাহে এক-দু’দিন সময় বের করে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যুবকদের বক্তব্য, গাছ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগানোর ফলে গাছের ক্ষতি হয়, যা দীর্ঘমেয়াদে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই তারা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এই ক্ষতিকর অভ্যাস বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। এদিকে নির্বাচন আসন্ন হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ও ফেস্টুন গাছে পেরেক দিয়ে লাগানো হচ্ছে। এই বিষয়েও যুবকেরা সরব হয়েছেন। তারা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে গাছের গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অধিকাংশ যুবকের বাড়ি ফুলিয়া এলাকায় হলেও তাদের এই পরিবেশবান্ধব প্রচেষ্টা ইতিমধ্যেই সমাজে ভালো সাড়া ফেলে দিয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.