রক্তের ঘাটতি মেটাতে নজির গড়ল গ্রামীণ হাসপাতাল।

  অরণ্য, ঝাড়গ্রাম - ১৬ই মে :


তীব্র দাবদাহের মাঝেই রাজ্যজুড়ে দেখা দিয়েছে চরম রক্তের সংকট। আর এই কঠিন পরিস্থিতিতে রক্তের ঘাটতি মেটাতে এক অনন্য নজির গড়ল বিনপুর গ্রামীণ হাসপাতাল। প্রাথমিক সংকট কাটাতে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বিএমওএইচ ডাঃ জয়ন্ত মাহাত নিজেরাই এগিয়ে এলেন হাসপাতালের কর্মীদের নিয়ে। বিনপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্ত দিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই।হাসপাতালের নার্স, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মী— সকলেই লাইনে দাঁড়িয়ে স্বেচ্ছায় রক্তদান করেন।প্রতি বছরই গরমের মরশুম শুরু হতেই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ভাঁড়ার শূন্য হতে শুরু করে। এবার ভোট চলার জন্য সেই সংকট গুরুতর হয়ে ওঠে।রক্তের সংকট মেটাতেই এবার কোমর বেঁধে ময়দানে নামল বিনপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর। তবে শুধু সাধারণ মানুষের ওপর ভরসা করে বসে থাকা নয়, দৃষ্টান্ত স্থাপন করতে সবার আগে রক্ত দিলেন বিএমওএইচ নিজে। 

এরপর এগিয়ে এলেন হাসপাতালের সমস্ত কর্মীরাই।বিনপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে আয়োজিত এই বিশেষ রক্তদান শিবিরে আজ সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো তৎপরতা।  উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের এই শিবিরে সব মিলিয়ে মোট ৫০ জন রক্তদাতা অত্যন্ত উৎসাহের সাথে রক্তদান করেছেন। তীব্র গরমে যখন মুমূর্ষু রোগীদের রক্তের জন্য হাহাকার করতে হচ্ছে, তখন স্বাস্থ্যকর্মীদের এই মানবিক উদ্যোগ নিশ্চিতভাবেই স্থানীয় ব্লাড ব্যাঙ্কগুলির রক্তের ঘাটতি মেটাতে বড়সড় সাহায্য করবে।বিনপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষও। চিকিৎসকদের মতে, হাসপাতালের কর্মীরা নিজেরা রক্ত দিয়ে সমাজের কাছে এই বার্তাই পৌঁছে দিলেন যে, রক্তদান সম্পূর্ণ নিরাপদ এবং এই সংকটকালে প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.